×

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে নারী এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ দল। গতরাতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইন্দোনেশিয়া নারী দলকে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুতে দুটি চার হাঁকিয়ে ব্যক্তিগত ৮ রানে বিদায় নেন ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। ১৬ রানে প্রথম উইকেট পতনের পর আরেক ওপেনার দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি ৪৪ বলে ৪০ রানের জুটি গড়েন। চারটি চারে ২৭ রান করে ফেরেন দিলারা।

চার নম্বরে নেমে ১০ রানের বেশি করতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

অধিনায়কের বিদায়ের পর সোবহানা ও স্বর্ণা আক্তার ১৯ বলে ২৩ রানের জুটি গড়ে বাংলাদেশের সংগ্রহ একশ ছাড়িয়ে নেন। ৪২ বলে ৪০ রান করেন সোবহানা। তাঁর ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা।

মিডল ও লোয়ার অর্ডারের চার ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে মারমুখী ব্যাটিং করে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন স্বর্ণা আক্তার। ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১৮ বলে অপরাজিত ৩১ রান করেন স্বর্ণা। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা। ইন্দোনেশিয়ার নি আরিয়ানি নেন তিন উইকেট।

জবাবে ১৯ রানের সূচনা পেলেও বাংলাদেশের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইন্দোনেশিয়া। শেষ পর্যন্ত ১৭ দশমিক ৩ ওভারে ৫৮ রানে অলআউট হয় তারা।

ইন্দোনেশিয়ার একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্কের রান করতে পারেন ওপেনার মারিয়া কোরাজন। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন তিনি।

বল হাতে বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার ১৫ রানে তিনটি এবং পেসার মারুফা আক্তার ৬ রানে দুটি উইকেট নেন। এছাড়া সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুন একটি করে উইকেট শিকার করেন।

দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন নাহিদা আক্তার।

আগামী ৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)