
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ছয়টি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (১১ এপ্রিল) দুপুর থেকে পর্যায়ক্রমে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তিনি এসব কাজের উদ্বোধন করেন।
সরকারি এ সফরে মন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী ডা. শরিফা করিম স্বর্ণা। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর জেলা নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রকৌশলী হোসেন আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধীজন ও সাধারণ মানুষ।
জানা গেছে, বৃহত্তর দিনাজপুর জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডির তত্ত্বাবধানে এসব সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় মন্ত্রী দিনাজপুর-৬ আসনের অন্তর্গত নবাবগঞ্জ উপজেলার ছয়টি সড়কের ফলক উন্মোচন করেন।
উন্নয়নাধীন সড়কগুলো হলো—আফতাবগঞ্জ রোড থেকে চামুন্ডা, কুশদহ ইউপিসি থেকে জাতেরহাট হয়ে কচুয়া বাজার, হাতিশাল থেকে পলাশবাড়ী বাজার, তিখুর থেকে ছোট তেতুলিয়া হয়ে পঁচাকরমজি, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আরঅ্যান্ডএইচ সড়ক থেকে টেকরা হয়ে ধিয়াস এবং মামুদপুর ইউপিসি থেকে পুটিহার আরএইচডি হয়ে টুপিরহাট পর্যন্ত সড়ক। এসব সড়ক উন্নয়ন কাজের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
