×

জুলাই সনদের প্রতিটি দফা আমরা সম্মান করি’: আন্দালিভ রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেছেন, তারা জুলাই সনদকে স্বীকার করেন এবং এর প্রতিটি দফার প্রতি সম্মান প্রদর্শন করেন।

রোববার (১২ এপ্রিল) বিকেলে নিজ বাসভবনে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নাজিউর রহমান মঞ্জুরের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পার্থ বলেন, জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান শুরু থেকেই স্পষ্ট। তবে বিরোধী দল বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করছে, যাতে মনে হয় সরকারপক্ষ ও বিরোধীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করানো হচ্ছে। তিনি বলেন, “আমরা জুলাই সনদ মানি এবং এর প্রতিটি দফাকে সম্মান করি। এটিকে আমরা বিরোধিতা করছি—এমন ধারণা সম্পূর্ণ বিভ্রান্তিকর।”

তিনি আরও বলেন, জুলাই সনদের মূল চেতনা ধারণ করার পাশাপাশি সংবিধানের প্রতিও সম্মান বজায় রাখা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। বিরোধী দলের ‘প্রতারণা’ শব্দ ব্যবহারের সমালোচনা করে পার্থ বলেন, এ ধরনের কঠোর ভাষা পরিহার করা উচিত।

এ সময় তিনি ভোলা-বরিশাল সেতু নির্মাণের কথাও জানান। বলেন, সরকার নীতিগতভাবে এ সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এ সেতু বাস্তবায়িত হলে ভোলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি ভোলা সদরেই একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)