×

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে বিএনপির জয়

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) বেসরকারিভাবে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৭৬ হাজার ৭৭২ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান (সোহেল)কে পরাজিত করেন।

একই দিনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনেও জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। তিনি ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমানকে হারান।

সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত নয়টার দিকে ফল ঘোষণা করা হয়। বগুড়া-৬ আসনে রেজাউল করিম ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পান, আর তাঁর প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান পান ৫৭ হাজার ১৫৯ ভোট।

অন্যদিকে শেরপুর-৩ আসনে মাহমুদুল হক (রুবেল) পান ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট এবং মাসুদুর রহমান পান ৪৭ হাজার ৫১ ভোট। বাসদের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।

নির্বাচন ঘিরে জামায়াতের প্রার্থীরা অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মাসুদুর রহমান নির্বাচনকে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন।

উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি শূন্য হয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়ায়। আর শেরপুর-৩ আসনে পূর্ববর্তী প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত হয়ে পরে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)