
দেশব্যাপী বর্ষবরণের সব অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলাসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরে বিকেল পাঁচটার মধ্যে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করতে হবে এবং সন্ধ্যা ছয়টার মধ্যে সব আয়োজন শেষ করতে হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বৈশাখী শোভাযাত্রায় মুখোশ পরে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে, তবে হাতে বহন করা যাবে। একই সঙ্গে ফানুস ওড়ানো, আতশবাজি ফাটানো, গ্যাস বেলুন ও ভুভুজেলা বাঁশি বাজানোও নিষিদ্ধ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি, ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়াড ও অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ইভটিজিং ও ছিনতাই ঠেকাতে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালিত হবে।
এছাড়া বড় অনুষ্ঠানস্থলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে। রমনা লেকে দুর্ঘটনা এড়াতে ডুবুরি দলও মোতায়েন থাকবে।
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে এবং নির্দিষ্ট সময়ের পর স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।
সাধারণ মানুষকে নিরাপত্তার স্বার্থে ব্যাগ, লাইটার বা দেশলাই বহন না করার পরামর্শ দেওয়া হয়েছে। শিশুদের সঙ্গে পরিচয়পত্র রাখারও আহ্বান জানানো হয়েছে।
