×

ফুলবাড়ীতে রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫  শ্রমিক উদ্ধার

মোঃ শাহ্ আলম মন্ডল-
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পাঁচ ধানকাটা শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উদ্ধারকৃতরা হলেন, মোঃ শাকিব (১৯), পিতা- আশরাফুল, আকবর (৩০), পিতা- লতিফ, হেলাল (২৫), পিতা- আব্দুল খালেক, জাকির (৪৫), পিতা- জব্বার এবং মমিন (৩৫), পিতা- ইসরাইল হক। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তারা টাঙ্গাইল জেলার ঘাটাইলে ধান কাটার কাজে যান। কাজ শেষে বুধবার ভোরে ট্রাকে করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ীর ঢাকা মোড় এলাকায় পৌঁছালে ট্রাকচালক তাদের নামতে বলেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি ট্রাক থেকে নেমে পাঁচ শ্রমিককে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের রাস্তার পাশে রেখে ট্রাকটি নিয়ে রংপুরের দিকে চলে যান।
সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফুলবাড়ী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় থাকা শ্রমিকদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ শাহ জানান, উদ্ধার হওয়া পাঁচজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)