
মোঃ শাহ্ আলম মন্ডল-
দিনাজপুরের বিরামপুরে আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে নিরাপদ মাংস প্রক্রিয়াজাত করণের নিমিত্তে, মাংস প্রক্রিয়াজাতকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী বলেন, আইন অমান্য করে যত্রতত্র পশু জবাই করে মাংস বিক্রি ও প্রক্রিয়াজাতকরণ করা যাবে না। প্রাণিসম্পদ অফিসের অনুমতি নিয়ে ও প্রাথমিক পরীক্ষা করে পশু জবাই, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রি করার প্রতি গুরুত্বারোপ করেন।
এ সময় বিরামপুর পৌর এলাকার খাশির মাংস বিক্রেতা আবুল কালাম আজাদ, কামাল হোসেন, কাটলা বাজারের গরুর মাংস বিক্রেতা আলহাজ্ব আলিমুদ্দিন, ওসমান আলি মোল্লা, জালাল উদ্দিন, খাসির মাংস বিক্রেতা মাসুদুর ইসলাম, মুকুন্দপুর ইউনিয়নের হাবিবপুর বাজারের গরুর মাংস বিক্রেতা আমিরুল ইসলাম, পরবাউল, লাবু হোসেন, ইয়াসিন আলি, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল, সাংবাদিক জালাল উদ্দীন রুমী প্রমূখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন পশু জবাই করে সাবধানে চামড়া ছড়ানো, রোগাক্রান্ত ও মরা পশুর মাংস বিক্রি না করার জন্য সকল মাংস বিক্রেতাদের আহবান জানান।
