
দিনাজপুর সংবাদদাতা-
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৬/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বান্দাইলগ্রাম এলাকার একটি ভুট্টা ক্ষেতে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাচালানকারীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
