
দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুরের খানসামায় এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ শাহিনুর ইসলাম শাহিন (২৭) কে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
বুধবার (১৩ মে) দুপুরে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, ভিকটিম খানসামা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত শাহিন স্থানীয় একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন এবং সেই কোচিংয়ে ভিকটিম প্রাইভেট পড়তেন। প্রাইভেট পড়ানোর সুবাদে তিনি দীর্ঘদিন ধরে ভিকটিমকে প্রেম ও বিয়ের প্রলোভন দিয়ে আসছিলেন।
অভিযোগে জানা যায়, ২০২৪ সালের ২৩ মার্চ সকালে কোচিং শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভিকটিমকে আলাদাভাবে রেখে কোচিং সেন্টারের দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন স্থানে নিয়ে গিয়েও একাধিকবার ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত ১৮ এপ্রিল ২০২৬ সালে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভিকটিম বিষয়টি পরিবারকে জানায়। পরে ২৬ এপ্রিল ভিকটিমের বাবা বাদী হয়ে খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
