
রাজশাহী সিটি কর্পোরেশন-এর ব্যবস্থাপনায় পরিচালিত হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে শতভাগেরও বেশি লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। মহানগরীর স্কুল ও কমিউনিটি পর্যায়ে পরিচালিত এ কার্যক্রমে নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে অধিক সংখ্যক শিশুকে টিকা প্রদান করা হয়েছে।
রাসিকের স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, স্কুল ও কমিউনিটি পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ছিল ৫৪ হাজার ৮৮৬ জন শিশু। এর বিপরীতে টিকা পেয়েছে ৫৭ হাজার ৩৭০ জন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০৪ দশমিক ৫৩ শতাংশ।
হাম-রুবেলা টিকাদান কর্মসূচির এ সফলতায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ-এর প্রতিনিধি, রাসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, ইপিআই সুপারভাইজার, টিম লিডার, স্বেচ্ছাসেবক, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিশুও যেন টিকার বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম ধাপেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় সংশ্লিষ্ট সবার সহযোগিতার প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত মহানগরীর ৪৩৮টি কেন্দ্রে প্রথম পর্যায়ের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রমের সময়সীমা আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে মপ-আপ কার্যক্রম চালানো হচ্ছে। এর মাধ্যমে টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করে টিকা দেওয়া এবং তথ্য অনলাইনে আপলোড করা হচ্ছে।
