
নওগাঁ জেলার সাপাহার উপজেলা সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে ‘পুশইনের’ চেষ্টা করেছে Border Security Force (বিএসএফ)। তবে Border Guard Bangladesh (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ বিজিবি সূত্রে জানা যায়, হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার এলাকায় ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে হাঁপানিয়া বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের শনাক্ত করে, যারা তখন ভারতীয় শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছিল।
জানা গেছে, ওই ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। বর্তমানে তারা শূন্যরেখার নিকটবর্তী এলাকায় অবস্থান করছে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর (পুশ-ব্যাক) প্রক্রিয়া চলমান রয়েছে।
