
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, অনার্স কোর্স পরিচালনার জন্য নির্ধারিত প্রয়োজনীয় মানদণ্ড পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কলেজগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
শুক্রবার (৫ জুন) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ‘কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম’ বিষয়ক সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
তিনি জানান, দেশের সব কলেজের তথ্য সংগ্রহ ও মূল্যায়নের কাজ চলছে। শিক্ষার পরিবেশ ও মান সন্তোষজনক না হলে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বিভিন্ন সময়ে নানা কারণে দেশে বহু কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু হয়েছে। তবে সব প্রতিষ্ঠানে একই মান নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণেই জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে কলেজগুলোর র্যাংকিং ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করছে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বাজেট নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীপ্রতি সরকারি ব্যয়ের হিসাব নিয়ে বিভ্রান্তি রয়েছে। শুধু সরাসরি বরাদ্দ বিবেচনায় ব্যয় কম মনে হলেও এমপিওভুক্ত শিক্ষকদের বেতনসহ সামগ্রিক ব্যয় হিসাব করলে শিক্ষার্থীপ্রতি সরকারি ব্যয় অনেক বেশি।
তিনি আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় সব অনার্স ও মাস্টার্স প্রোগ্রামে ধাপে ধাপে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।
ড. আমানুল্লাহ বলেন, বর্তমানে ৬০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে এবং ইনকোর্স পরীক্ষার খাতা যাচাই ও তদারকি আরও জোরদার করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার মান, জবাবদিহি ও একাডেমিক শৃঙ্খলা আরও শক্তিশালী করা হচ্ছে।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
