
নীলফামারী জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে Border Security Force (বিএসএফ)। তবে Border Guard Bangladesh (বিজিবি)-এর দ্রুত ও সতর্ক পদক্ষেপে ওই চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে ৫৬ বিজিবি-এর অধীন বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫৮/৫ সংলগ্ন ৯৩ টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প থেকে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়।
পরবর্তীতে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহলদল বাধা দেয়। এতে বিএসএফ সদস্যরা তাদের আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। বর্তমানে তারা শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ দূরে ভারতের অংশে অবস্থান করছে বলে জানা গেছে।
৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম জানান, বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফের টহলদল সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
