×

বয়সের সীমা পেরিয়ে মেসির সামনে বিশ্বকাপে নতুন গোল রেকর্ডের সুযোগ

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। ম্যাচটিতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ; রেকর্ড বইয়ে নতুন অধ্যায় যোগ করতে তার প্রয়োজন আর মাত্র একটি গোল।

৩৯ বছরে পা দিতে যাওয়া মেসি আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে স্পর্শ করেন।

ম্যাচে প্রথম গোলের পর আর্জেন্টিনা অধিনায়ককে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। পরে জানা যায়, তার বাবা স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন রয়েছেন।

ব্যক্তিগত দুশ্চিন্তা ও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কঠিন প্রস্তুতির মধ্যেও মেসির উপস্থিতি সতীর্থদের অনুপ্রাণিত করছে। আলজেরিয়ার বিপক্ষে জয়ের পর মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেন, “যদি কেউ মনে করে থাকে যে লিওকে ছাড়া এই দল আরও ভালো হতো, তাহলে আজ পরিষ্কার হয়েছে যে লিওই সবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

আজকের ম্যাচে জয় পেলে আর্জেন্টিনা পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করবে। একই সঙ্গে অন্য ম্যাচে জর্ডান যদি আলজেরিয়াকে হারাতে না পারে, তবে গ্রুপ জে’র শীর্ষস্থানও নিশ্চিত করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)