
ব্রাজিলের হয়ে এবারের বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশন সম্পন্ন করেছেন নেইমার। সান্তোসের এই ফরোয়ার্ড আগামী বুধবার ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গ্রুপ-সি’র শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছেন।
বিশ্বকাপে এ পর্যন্ত খেলা ব্রাজিলের প্রথম দুই ম্যাচের একটিতেও অংশ নেননি নেইমার। ডান পায়ের পেশীর ইনজুরিতে ভুগছেন তিনি।
গত মাসে জাতীয় দলের ক্যাম্পে রিপোর্ট করার পর প্রথমবারের মতো পুরো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “ঈশ্বরকে ধন্যবাদ। আমি খুব খুশি।”
সর্বশেষ গত ১৭ মে সান্তোসের হয়ে ম্যাচ খেলেছিলেন নেইমার। এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ১২৯ আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোল করেছেন তিনি।
ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডার লুকাস পাকুয়েটা বলেন, “তাকে দলে পেয়ে আমরা সবাই দারুণ খুশি। সে আমাদের জাতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এখনও সে দলের জন্য অনেক কিছু করতে পারে।”
এবারের আসরটি নেইমারের জন্য চতুর্থ বিশ্বকাপ। ব্রাজিল ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি। এবারও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
গ্রুপ-সি’র টেবিলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। তিন পয়েন্ট করে নিয়ে পরের দুই স্থানে রয়েছে মরক্কো ও স্কটল্যান্ড।
