×

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শনের এটি প্রথম ঘটনা নয়। ২০২৫ সালে তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সহায়তা প্রদান করা হয়। সে সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন।

বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম সফল মুখ ঋতুপর্ণা চাকমা দেশের ফুটবল অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি দলের অন্যতম ভরসা ছিলেন। এছাড়া ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার অভিযানে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

পার্বত্য অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে ঋতুপর্ণা চাকমা দেশের নারী ফুটবলের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রীর এ সহায়তা তার ক্রীড়া জীবনের প্রতি রাষ্ট্রের স্বীকৃতি ও সম্মানের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)