×

বিরামপুরের মেয়ে সাবিনা খাতুন, এখন বাংলাদেশ নারী ভলিবল দলের অধিনায়ক

মোঃ হানিফুর রহমান-  নারী ভলিবল দলের অধিনায়ক মোছাঃ সাবিনা খাতুন দেশের ক্রীড়াঙ্গনের এক অনুপ্রেরণাদায়ী নাম। নিষ্ঠা, পরিশ্রম ও অদম্য মনোবলের মাধ্যমে তিনি আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন।

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা সাবিনা খাতুন ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গভীর আগ্রহী ছিলেন। পরিবারের নিরন্তর সহযোগিতা ও উৎসাহই তাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। তিনি বলেন, পরিবারের সমর্থন না পেলে এতদূর আসা সম্ভব হতো না।

২০১৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন সাবিনা খাতুন। পরবর্তীতে ২০১৬ সালে পুলিশ বাহিনীর হয়ে জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তিনি।

আন্তর্জাতিক পর্যায়ে নিজের দক্ষতার স্বাক্ষর রেখে ২০২৫ সালে একটি গুরুত্বপূর্ণ পদক অর্জন করেন সাবিনা। তার এই অর্জনে পরিবার, সহকর্মী এবং স্থানীয় এলাকাবাসী গর্বিত। বিশেষ করে তার বাবা মেয়ের সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, একজন ক্রীড়াবিদ হওয়ার পাশাপাশি সাবিনা বাংলাদেশ পুলিশ বাহিনীরও একজন গর্বিত সদস্য।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাসিক ক্রীড়া ভাতা কর্মসূচির আওতায় নিয়মিত অনুশীলন ও প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন সাবিনা খাতুন। দেশের জন্য আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যেই প্রতিদিন নিজেকে প্রস্তুত করছেন তিনি।

সম্প্রতি তার স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে একটি একান্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিনি দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং বলেন, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, দেশের প্রতিটি ক্রীড়াবিদের পাশে রয়েছে সরকার। ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং মেধাবী খেলোয়াড়দের এগিয়ে নিতে বিভিন্ন সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে।

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” — এই প্রত্যয়কে সামনে রেখে এগিয়ে চলেছেন বাংলাদেশ নারী ভলিবল দলের অধিনায়ক মোছাঃ সাবিনা খাতুন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)