
লিভারপুল ছাড়তে যাচ্ছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাটে। চার বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে তিনি সম্মতি দিয়েছেন বলে ক্লাবসংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে।
রোববার রাতে পুনরায় রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হওয়ার পর ক্লাবপ্রধান ফ্লোরেন্তিনো পেরেজ ঘোষণা দিয়েছিলেন, নতুন মেয়াদে তার প্রথম বড় সাইনিং হবেন কোনাটে। একইসঙ্গে কোচ হিসেবে হোসে মরিনহোকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
সূত্র জানায়, কোনাটের সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ হবে ২০৩০ সাল পর্যন্ত।
২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাক রিয়াল মাদ্রিদে গিয়ে ফ্রান্স জাতীয় দলের কয়েকজন সতীর্থের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করবেন। তাদের মধ্যে রয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, অরেলিয়েন চুয়ামেনি এবং এদুয়ার্দো কামাভিঙ্গা। তবে কামাভিঙ্গা এবার বিশ্বকাপ দলে জায়গা পাননি।
ক্যারিয়ারে সোশো, আরবি লাইপজিগ ও লিভারপুলের পর রিয়াল মাদ্রিদ হবে কোনাটের চতুর্থ ক্লাব। ২০২১ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর তিনি ক্লাবটির হয়ে ১৮৩টি ম্যাচ খেলেছেন।
জার্গেন ক্লপের অধীনে প্রথম মৌসুমেই এফএ কাপ ও লিগ কাপ জয়ের স্বাদ পান কোনাটে। এরপর লিভারপুলের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
