
রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামার আগে ব্রাজিলকে প্রাপ্য সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের তারকা মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস।
ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। এরপর অনুষ্ঠিত পাঁচটি আসরের মধ্যে চারবারই কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। এবার উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তারা বিশ্ব র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা দল হিসেবে অংশ নিচ্ছে। অনেকের মতে, অতীতের মতো এবার দলটিতে তারকাখচিত খেলোয়াড়ের সংখ্যা তুলনামূলক কম।
নিউ জার্সিতে দলের ক্যাম্পে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গিমারায়েস বলেন, “বিশ্ব ফুটবলে আর কোনো দলের জার্সিতে পাঁচটি বিশ্বকাপ তারকা নেই। আমাদের দলে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়ার মতো বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, যারা শীর্ষ ক্লাবগুলোর হয়ে খেলছে। তাই আমাদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত।”
কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে। দলটি শনিবার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। তারা পানামাকে ৬-২ গোলে হারানোর পর মিশরকে ২-১ গোলে পরাজিত করে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে।
মিশরের বিপক্ষে গোল করা গিমারায়েস বলেন, “আমরা এর চেয়ে ভালো অবস্থানে থাকতে পারতাম না। দুটি ম্যাচেই জয় পেয়েছি এবং ভালো ফুটবল খেলেছি। এখনও কিছু কাজ বাকি আছে, তবে আমরা নিজেদের প্রস্তুত মনে করছি। বিশ্বকাপ শুরু হলে আগের সবকিছুই গৌণ হয়ে যাবে। আমরা জয় দিয়ে শুরু করতে চাই এবং সেটিই হবে আমাদের এগিয়ে যাওয়ার ভিত্তি।”
গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। তবে দলটি এখনো অপেক্ষায় আছে নেইমার গ্রুপপর্বে খেলতে পারবেন কি না, তা জানার জন্য। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। এরপরও অভিজ্ঞতার কথা বিবেচনায় নিয়ে তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেন আনচেলত্তি। কিন্তু পরে তিনি পায়ের পেশির চোটে আক্রান্ত হন।
এদিকে স্কোয়াডে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ব্রাজিল। ইতালিয়ান ক্লাব রোমার ফুল-ব্যাক ওয়েসলি উরুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন আটালান্টার ২৬ বছর বয়সী মিডফিল্ডার এডারসন, যিনি বিশ্বকাপের পর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।
