
২০২৬ ফিফা বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, বিশ্বকাপ সম্প্রচার-সংক্রান্ত এ ব্যবস্থার বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।
মন্ত্রী বাসসকে বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে দেশবাসীকে জানাচ্ছি, বিটিভি কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে।”
বর্তমানে চীনা সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনে অবস্থানরত জহির উদ্দিন স্বপন এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “এই প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত সকল গণমাধ্যম প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, জনসাধারণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা যাবে।
সম্প্রচারস্বত্ব ও অংশীদারিত্বের চূড়ান্ত কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয় আজই প্রকাশ করবে বলেও জানা গেছে।
