×

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং অভিজ্ঞতা বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা।

এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।

অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সৌজন্য সাক্ষাৎ দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রা দিতে সহায়ক হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)