×

রাশিয়ায় ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠাতে আগ্রহী সরকার

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে জনশক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বর্তমানে রাশিয়ায় কর্মরত প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর সংখ্যা আগামী এক বছরের মধ্যে এক লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ায় তিন দিনের সরকারি সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রুশ কর্তৃপক্ষের কাছে এ প্রস্তাব উত্থাপন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়ানোর প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে রাশিয়া। বিষয়টি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উভয় দেশ সম্মত হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

দুই দেশের বৈঠকে বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানি দশগুণ বৃদ্ধির সম্ভাবনাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হয়েছে।

জনশক্তি খাতের পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে। উভয় পক্ষই মত দিয়েছে যে বর্তমান বাণিজ্যের পরিমাণ দুই দেশের সম্ভাবনার তুলনায় অনেক কম এবং তা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুযোগ রয়েছে।

এ সময় রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধসহ বিভিন্ন রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে এবং নতুন ব্যবসায়িক সুযোগ অনুসন্ধানে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল রাশিয়া সফর করবে— এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

আলোচনায় প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। কৃষি ও স্বাস্থ্যসেবায় এআই ব্যবহারের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে একটি রুশ প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান। এ প্রস্তাবেও ইতিবাচক সাড়া দিয়েছে মস্কো।

এ ছাড়া বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন এবং এ খাতে একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’ বা উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

গত ৭ জুন শুরু হওয়া এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)