
নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছবি রানী রায় (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ছবি রানী রায় নন্দনপুর গ্রামের বাসিন্দা হীরালাল রায়ের সহধর্মিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটের সংস্পর্শে গুরুতর আহত হন ছবি রানী রায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছবি রানী রায়ের মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের মাঝে চলছে আহাজারি।
