×

বিসিবি সভাপতি নির্বাচিত তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের নির্বাচনের পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।

এর আগে ঢাকা ক্লাব প্রতিনিধিদের ক্যাটাগরি-২ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে জয়লাভ করেন তামিম। পরে নবনির্বাচিত পরিচালকদের সমর্থনে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফাহিম সিনহা।

এর মাধ্যমে বিসিবির ইতিহাসে ১৮তম এবং ষষ্ঠ নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তামিম ইকবাল। গত দুই মাস ধরে তিনি বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ক্যাটাগরি-২ থেকে মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তামিমের পর সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক পেয়েছেন ৬৮ ভোট।

নির্বাচিত অন্য পরিচালকরা হলেন— ফাহিম সিনহা, আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শাহনিয়ান তানিম ও শফিক আহমেদ সালাম।

অন্যদিকে নির্বাচনে পরাজিত হয়েছেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফৈয়াজুর রহমান মিতু এবং মেজর ইমরোজ আহমেদ (অব.)।

নবগঠিত ২৩ সদস্যের বিসিবি বোর্ডে বিভাগীয় ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ১০ জন, ঢাকা ক্লাব প্রতিনিধিদের মধ্য থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দুইজন পরিচালক মনোনয়ন দিয়েছে।

নতুন বোর্ডের নেতৃত্বে তামিম ইকবালের দায়িত্ব গ্রহণ দেশের ক্রিকেট প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)