
নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো রূপাইয়া বেগম (৪) ও আশফিকা বানু (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে উত্তর সোনাখুলী গ্রামের বাসিন্দা রবিয়াল ইসলামের মেয়ে রূপাইয়া এবং আউয়াল ইসলামের মেয়ে আশফিকা বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে তারা পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় গভীর পানিতে তলিয়ে গিয়ে তারা নিখোঁজ হয়।
পরে শিশু দুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, একই পরিবারের দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে তাদের জানানো হয়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
