×

জুলাইয়ের দুই যোদ্ধাসহ তিনজনকে জীবিকার জন্য রিকশা-সিএনজি দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাসহ তিন ব্যক্তির আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি ব্যাটারিচালিত রিকশা ও দুটি প্যাডেল রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এসব উপহার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

উপহার তুলে দেওয়ার সময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

সিএনজিচালিত অটোরিকশাটি পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। তিনি সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ। তাঁর শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাঁকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে।’

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন।

গফফার জানান, উপহার পাওয়া একটি রিকশা তিনি ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেবেন।

এদিকে বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন ধরে তিনি কষ্টে জীবনযাপন করছিলেন।

প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া বাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা প্রত্যক্ষ করেন। পাশাপাশি নিরাপদে এসব বাহন নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)