
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাতারপায়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন একই এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে।
বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়ির পাশে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের সামনে বালুর স্তুপের ভেতরে লুকিয়ে রাখা ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
