
নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার শোকাহত মায়ের চিকিৎসা রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে অব্যাহত রয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম আজ হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কন্যাশোকে মানসিকভাবে বিপর্যস্ত রামিসার মা গত ২৩ জুন অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হন। মানসিক আঘাতের পাশাপাশি তিনি পরিপাকতন্ত্র ও স্নায়বিক সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর তার এমআরআই, আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
চিকিৎসকদের মতে, রোগীর মানসিক অবস্থার উন্নয়নে ইতোমধ্যে দুই দফা কাউন্সেলিং দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
হাসপাতালে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাতের সময় আবেগাপ্লুত হয়ে রামিসার মা জানান, তিনি এখনো প্রতিদিন মেয়ের ডাক শুনতে পান। এ সময় রামিসার বাবা চিকিৎসকদের কাছে তার স্ত্রীকে সুস্থ করে তোলার অনুরোধ জানান।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে শারীরিক ও মানসিক কিছু জটিলতা এখনো রয়েছে।
পরিবারের অনুরোধ এবং চিকিৎসকদের পরামর্শে আজ রামিসার ছোট বোনকে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়েছে, যাতে পরিবারের প্রয়োজনীয় দেখভাল নিশ্চিত করা যায়। তবে রামিসার মায়ের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও মানসিক পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
