×

বাজার সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভবান করতে কাজ করছি: আইনমন্ত্রী

বাজারগুলোতে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কৃষকরা জিম্মি হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এসব সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে সরকার কাজ করছে।

আজ ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তাই যারা মজুতদারি করবেন, তাদের বিষয়টি ভেবেচিন্তে করার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, কৃষকরা পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও অনেক সময় ন্যায্য দাম পান না। বাজারে ফসল নিয়ে আসার পর তারা সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েন।

তিনি বলেন, এক মণ পাট বা পেঁয়াজে অতিরিক্ত দুই কেজি করে তোলা দিতে হতো। এর পর বাজারের পরিচ্ছন্নতাকর্মী ও হিজড়ারাও কৃষকদের কাছ থেকে তোলা নেন। ফলে এক মণে কৃষককে প্রায় ৪৫ কেজি পণ্য দিতে হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায্য।

বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়ে আইনমন্ত্রী বলেন, এরই মধ্যে দেশের সব হাট ও বাজারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

যেসব ব্যবসায়ী তোলা না পেলে কৃষকের কাছ থেকে পণ্য কিনবেন না বলে হুমকি দিচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘বাজার ছেড়ে চলে যান। বিকল্প ব্যবসায়ী এমনিতেই তৈরি হয়ে যাবে।’

বাজার পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)