×

দীর্ঘ আইনি জটিলতা শেষে শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের এমপি সরোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্য সরোয়ার আলমগীর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। শপথ শেষে সরোয়ার আলমগীর সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তা সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে ঋণখেলাপির তথ্য গোপনের অভিযোগ এনে প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সরোয়ার আলমগীর। হাইকোর্ট মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী আপিল বিভাগে ‘লিভ টু আপিল’ দায়ের করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ লিভ টু আপিল গ্রহণ করলেও সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। একই সঙ্গে ঋণসংক্রান্ত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।

নির্বাচনে ভোট গণনা শেষে সরোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের স্থগিতাদেশের কারণে এতদিন তার গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ আটকে ছিল।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত তার প্রার্থিতা ও নির্বাচনের ফলাফলের বৈধতা বহাল রাখায় শপথ গ্রহণের সব আইনি জটিলতার অবসান হয়।

শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)