
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সম্ভাব্য পুশইন চেষ্টার প্রেক্ষাপটে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে দিনাজপুরের হিলি সীমান্তেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী অঞ্চলে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে সম্ভাব্য পুশইনের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
তিনি জানান, সীমান্ত ফাঁড়িগুলোতে জনবল বাড়ানোর পাশাপাশি বিজিবির বিশেষায়িত ইউনিটগুলোকে সক্রিয় রাখা হয়েছে। এছাড়া হিলি ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) ব্যবহারকারী যাত্রী ও স্থানীয় জনগণের সহযোগিতায় নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী বা পার্শ্ববর্তী দেশ থেকে বিতাড়িত ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন অবৈধভাবে শূন্যরেখা অতিক্রম না করেন এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।
এছাড়া এলাকার মসজিদ, মাদরাসা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ ঘোষণা, জুমার নামাজের আগে ও পরে সচেতনতামূলক আলোচনা এবং উদ্বুদ্ধকরণমূলক বক্তব্যের মাধ্যমে জনগণকে সতর্ক করা হচ্ছে বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, “দেশের প্রতিটি নাগরিক আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে স্থানীয় জনগণও আমাদের সহযোগিতা করছেন, যা সীমান্ত নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
