
বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি (জিইএফ)-এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শুক্রবার উজবেকিস্তানের সমরখন্দে অনুষ্ঠিত জিইএফ সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ দূষণের উৎসগুলো যথাযথভাবে চিহ্নিত করে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা গেলে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। তিনি পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, এর পাশাপাশি প্রকৃতি-ভিত্তিক সমাধান এবং বাস্তুতন্ত্রভিত্তিক অভিযোজন কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জিইএফ-এর লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সমরখন্দে অনুষ্ঠিত জিইএফ সম্মেলনে ১৮৬টি সদস্য দেশের প্রতিনিধি, পরিবেশবিদ, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
