×

ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ, চলবে মোবাইল কোর্ট: স্বাস্থ্য মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, যেসব প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “যে প্রতিষ্ঠানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিনদিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী চলতি বছর ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষ করে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি থাকায় আক্রান্ত রোগীদের রক্তক্ষরণজনিত জটিলতা দেখা দিতে পারে। তাই সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি জানান, সিটি করপোরেশনের জরিপ অনুযায়ী দক্ষিণ সিটির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ পালন করা গেলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে।”

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)