
পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনা সফল না হলেও, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ‘আন্তরিক’—এমনটাই জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ব্যর্থতার জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি ত্যাগে অনীহাকে দায়ী করেন।
তবে আনাদোলু সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান ভিন্ন সুরে বলেন, ‘উভয় পক্ষই যুদ্ধবিরতি নিয়ে আন্তরিক।’ তিনি জানান, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে।
পারমাণবিক ইস্যু নিয়ে জটিলতার দিকটিও তুলে ধরেন তুরস্কের এই মন্ত্রী। তার ভাষায়, ‘বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে যদি “সব না হলে কিছুই নয়” অবস্থান তৈরি হয়, তাহলে বড় ধরনের অচলাবস্থা দেখা দিতে পারে।’
ফিদান আশা প্রকাশ করে বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীর সহায়তায় এই জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে।
ইসরাইলের সমালোচক হলেও, চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুদ্ধবিরতি আনতে তুরস্ক মিশর ও পাকিস্তানের সঙ্গে সমন্বয় করে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
যুদ্ধবিরতি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র ‘আন্তরিক’, বললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
