
কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করলেও আত্মতুষ্ট নন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তার মতে, দলের খেলায় বেশ কিছু দুর্বলতা স্পষ্ট হয়েছে, যা দ্রুত শুধরে নেওয়া জরুরি।
শুক্রবার রাতে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে মেসি বলেন, “আজ আমরা অনেক পরিশ্রম করেছি। কিছু সময় ভালো খেলেছি, আবার কিছু সময় খারাপও খেলেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে তা নিয়ে ভাবা এবং আজকের ম্যাচের ইতিবাচক দিকগুলো ধরে রাখা। তবে খারাপ দিকগুলোও দ্রুত শুধরে নিতে হবে। আমার মনে হয় আজ সেসবের সংখ্যাই বেশি ছিল।”
ম্যাচে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। তবে কেপ ভার্দে সমতায় ফিরলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা আবারও এগিয়ে গেলেও সিডনি লোপেস কাবরালের অসাধারণ গোলে ফের সমতা আনে আফ্রিকার দ্বীপরাষ্ট্রটি।
শেষ পর্যন্ত ক্রিস্টিয়ান রোমেরোর হেড থেকে কেপ ভার্দের ডিফেন্ডার ডিনেই বোরগেসের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচজুড়ে কেপ ভার্দের লড়াকু পারফরম্যান্সের প্রশংসা করে মেসি বলেন, “আমরা জানতাম এটি কঠিন ম্যাচ হবে। এই দলটি যে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের কাছে হারেনি, তার কারণ আছে। প্রথম গোল করার পর ভেবেছিলাম ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে। কিন্তু উল্টো আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, অনেক পেছনে নেমে যাই এবং কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারিনি। তারা নিজেদের শক্তির জায়গাগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে।”
তিনি আরও বলেন, “এটি নকআউট পর্ব। এখানে কেউ আপনাকে বিনা লড়াইয়ে কিছু দেবে না। এই বিশ্বকাপে প্রতিটি দলের মান খুব কাছাকাছি। তাই প্রতিটি ম্যাচই কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।”
আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিও ম্যাচ শেষে দলের দুর্বলতার কথা স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সহজ কোনো প্রতিপক্ষ নেই। কেপ ভার্দেকে অভিনন্দন। নেতিবাচক দিকগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তবে ইতিবাচক বিষয়ও আছে—দল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে এবং কখনো হাল ছাড়েনি।”
এদিকে এই ম্যাচে গোল করে বিশ্বকাপ ইতিহাসে নিজের গোলের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন মেসি। প্রথমার্ধের গোলটির মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০, যা কিলিয়ান এমবাপ্পের চেয়ে দুটি বেশি। একই সঙ্গে টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েছেন তিনি। এই আট ম্যাচে তার গোলসংখ্যা ১২।
চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়েও শীর্ষে রয়েছেন মেসি। তার গোল ৭টি, যা এমবাপ্পের চেয়ে একটি বেশি।
আগামী মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
