×

গোল্ডেন বুট জয় করলেন এমবাপ্পে

২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপ্পের হাতেই উঠেছে গোল্ডেন বুট ট্রফি।

ফরাসি অধিনায়ক এমবাপ্পে এবারের আসরে ১০ গোল করে এই কৃতিত্ব অর্জন করেছেন। আর্জেন্টাইন মহাতারকা মেসি করেছেন ৮ গোল। ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড উভয়েই করেছেন ৭টি করে গোল।

২৭ বছর বয়সী রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এমবাপ্পে চার বছর আগে কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন। ওই আসরে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিল ফ্রান্স।

২০১৮ বিশ্বকাপে অভিষেক হওয়া এমবাপ্পে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন। হাই-স্কোরিং ম্যাচটিতে ইংল্যান্ড ৬-৪ গোলে জয়ী হয়।

সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২-এ, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। এক গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)