
নিজস্ব প্রতিবেদক-
হবিগঞ্জে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ মিলে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
আজ বুধবার (৩ জুন) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে কাশিপুর গ্রামে দুই দল যুবকের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে ব্রাজিল ফুটবল দল হেরে যায়। এরপর আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ উল্লাস শুরু করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। রাতে এলাকার মুরুব্বিরা বিষয়টি মীমাংসা করেন। কিন্তু, আজ বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন আবারও তর্কে জড়ান। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এরমধ্যে গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
