
দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার সমাবেশ করে নিজের প্রাথমিক সাফল্য তুলে ধরেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে তিনি তার ঘোষিত সমাজতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, কুইন্সে আয়োজিত এক জনাকীর্ণ সমাবেশে ৩৪ বছর বয়সী এই মেয়র বলেন, ‘সমাজতান্ত্রিক’ শব্দটিকে অনেকেই নেতিবাচকভাবে উপস্থাপন করতে চান। তবে তিনি স্পষ্ট করে দেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের কল্যাণে সরকারকে কাজে লাগাতে তারা কোনো সংকোচ বোধ করবেন না।
মামদানি তার প্রশাসনের শুরুতেই নেওয়া কিছু উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত শহরের এক লাখের বেশি সড়কের গর্ত মেরামত করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনমান উন্নয়নে তার অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ছোট কাজগুলো ঠিকভাবে সম্পন্ন করতে না পারলে বড় প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। রাস্তা মেরামতের মতো মৌলিক কাজগুলোই সরকারের সক্ষমতার প্রমাণ— এমন মন্তব্যও করেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ সহযোগী ও ৮৪ বছর বয়সী বামপন্থী নেতা বার্নি স্যান্ডার্স। এ সময় মামদানি তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অগ্রগতিও তুলে ধরেন।
এর মধ্যে রয়েছে সিটি পরিচালিত মুদি দোকান চালুর পরিকল্পনা, যার প্রথমটি আগামী বছর চালু হতে পারে। এসব উদ্যোগের আওতায় ছোট শিশুদের জন্য বিনামূল্যে শিশু যত্নসেবা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া তিনি সিটি কমিটিগুলো পুনর্গঠন করেছেন, যা ভবিষ্যতে ভাড়া বৃদ্ধির হার নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। তবে বিনামূল্যে বাসযাত্রার বিষয়টি এখনও অঙ্গরাজ্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় রয়েছে বলে জানান তিনি।
নতুন মেয়রের জনপ্রিয়তা নিয়ে প্রকাশিত সাম্প্রতিক জরিপে দেখা গেছে, নিউইয়র্কবাসীর মধ্যে তার অনুমোদন হার ৪৮ শতাংশ এবং ভোটারদের মধ্যে ৪৩ শতাংশ। এমারসন কলেজ পোলিং/পিক্স১১ জরিপ অনুযায়ী, তার শিশু যত্ন উদ্যোগকে ৫৪ শতাংশ ভোটার সমর্থন করেছেন এবং আবাসন ব্যয় নিয়ে তার পদক্ষেপের প্রশংসা করেছেন ৪৯ শতাংশ।
তবে একই জরিপে দেখা যায়, ৬৮ শতাংশ হিস্পানিক ও ৫৮ শতাংশ কৃষ্ণাঙ্গ ভোটার মনে করেন, শহরটি সঠিক পথে এগোচ্ছে না।
নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হলেও, সাম্প্রতিক সময়ে এই রিপাবলিকান প্রেসিডেন্টের সঙ্গে মামদানির সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে। তিনি ইতোমধ্যে দু’বার হোয়াইট হাউস সফর করেছেন।
ম্যারিস্ট পোল অনুযায়ী, ৫৯ শতাংশ নিউইয়র্কবাসী মনে করেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মামদানি সঠিক ভারসাম্য বজায় রেখেছেন।
