×

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার দুপুরে রাজধানীর বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস ও শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা অংশ নেয়। তারা মন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এবং আনন্দঘন পরিবেশে সময় কাটায়।

এ সময় মন্ত্রী শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের ঈদ উদযাপনের অভিজ্ঞতার কথা শোনেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন। শিশুদের জন্য মৌসুমি ফলসহ বিভিন্ন খাবারেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুরা এ আয়োজনের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে এবং এটিকে তাদের জীবনের স্মরণীয় একটি দিন বলে উল্লেখ করে।

মন্ত্রী বলেন, ঈদের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের সামাজিক দায়িত্ব।

তিনি আরও বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের নিরাপদ, সুন্দর ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করছে।

অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, প্রান্তিক ও অনাথ শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)