×

নাটোরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুর উপজেলায় একটি বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার মোহরকয়া বটতলা গ্রামে আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মুখপাত্র ডা. তৈমুর রহমান।

দিনব্যাপী পরিচালিত এ মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (অবস অ্যান্ড গাইনি) ডা. রেজওয়ানা শারমিন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আনিসুর রহমান, গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শরিফুল ইসলাম ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. এম. এ. মজিদ, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাহমুদ ইকবাল এবং নাটোর সদর হাসপাতালের সাবেক আরএমও ও বিএমএ নাটোর জেলা শাখার সদস্য সচিব ডা. আবুল কালাম আজাদসহ অন্যান্য চিকিৎসক।

আয়োজকরা জানান, শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জনসেবামূলক এ কর্মসূচির আয়োজন করা হয়েছে, যেখানে এলাকার শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)