
ঈদুল আজহা পরবর্তী সময়ে কোরবানির পশুর চামড়া যাতে অবৈধভাবে ভারতে পাচার না হয়, সে লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, প্রতি বছর ঈদকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে চামড়া পাচারের চেষ্টা করে। এ ধরনের তৎপরতা রোধে সীমান্তে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়া জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্ত এলাকার মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের সীমান্ত আইন ও অবৈধ পারাপারের ঝুঁকি সম্পর্কে অবহিত করা হচ্ছে। একই সঙ্গে মাইকিং, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
চামড়া ব্যবসায়ীদের সঙ্গেও আলাদা আলোচনা করে বৈধ পথে চামড়া সংগ্রহ ও বিপণনে উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিজিবি অধিনায়ক আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং চামড়া পাচার সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে। তিনি সীমান্তবাসীদের আইন মেনে চলা এবং সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানান।
