×

চাঁদপুরে বাসচাপায় হাসপাতাল কর্মীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে দুই যাত্রীবাহী বাসের প্রতিযোগিতার মধ্যে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক হাসপাতাল কর্মী বাসচাপায় নিহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জের টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন (৪৮) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের সাহেব আলী ভুঁইয়ার ছেলে। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস সিটি স্ক্যান হাসপাতালে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে জানা যায়, কুমিল্লা থেকে চাঁদপুরগামী আইদি পরিবহনের একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করছিল বোগদাদ পরিবহনের আরেকটি বাস। এ সময় আইদি পরিবহনের বাসটি পথ না ছাড়ায় বোগদাদ পরিবহনের বাসটি বিপরীত লেনে উঠে যায় এবং সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিল্লাল হোসেনকে চাপা দেয়।

গুরুতর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা সেন্টু বলেন, দুটি বাসের বেপরোয়া প্রতিযোগিতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর চালক ও সুপারভাইজার বাস ফেলে পালিয়ে যান।

নিহতের চাচা আবদুল মান্নান ভুঁইয়া জানান, বিল্লাল হোসেনের তিন সন্তান রয়েছে। তিনি প্রতিদিন বাড়ি থেকে হাজীগঞ্জে এসে হাসপাতালে দায়িত্ব পালন করতেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, দুর্ঘটনায় জড়িত আইদি ও বোগদাদ পরিবহনের দুটি বাস জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)