
জাতীয় গণমাধ্যম কমিশন সরকার একতরফাভাবে চাপিয়ে দিতে চায় না; বরং সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতেই কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত সরকার একতরফাভাবে গ্রহণ করবে না।
তিনি বলেন, ‘সাংবাদিক, সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্বসহ সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য ও কার্যকর রূপরেখা প্রণয়ন করা হবে।’
গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের ভুল-ত্রুটি থাকলে তা অবশ্যই গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরা উচিত। একই সঙ্গে সরকারের ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডও বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে উপস্থাপন করা প্রয়োজন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, জ্যেষ্ঠ সাংবাদিক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
