
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা আরও বাড়াতে হবে। তিনি বলেন, দেশে প্রায় ১ হাজার ৪১৫টি ছোট-বড় নদ-নদী রয়েছে এবং প্রতিটি নদীই একটি জীবন্ত সত্তা।
আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে ‘নোঙর ট্রাস্ট’-এর উদ্যোগে ‘জাতীয় নদী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন এবং পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, খাল খননের পাশাপাশি খাল ও নদী দখল এবং দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে এবং নদীর নাব্যতা ফিরবে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা শেষ হলে দ্রুতই প্রকল্পটি অনুমোদন দেওয়া হবে।
নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।
