
আনভিল বাপ্পি, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে রানীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঘোড়াঘাট থানার নুরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে আলামিন (১৫), মগলিশপুর গ্রামের সলিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনির সমেশ উদ্দিনের ছেলে কাইয়ুম (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল লোকাল রোড থেকে রানীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে মূল পাকা সড়কে উঠছিল। এ সময় দিনাজপুরগামী ‘ঢাকা মেট্রো ট-২৪-২৫৫৯’ নম্বরের একটি মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে সড়কের ওপর পড়ে যান।
দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে ঘোড়াঘাট (ওসমানপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত লাগে এবং হতাহতের ঘটনা আরও ভয়াবহ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
