
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা-
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরে আলম মিয়া (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই এলাকার মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি পেশায় একটি করাতকলের শ্রমিক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলম মিয়া স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। রাতের কোনো একসময় তাঁর স্ত্রী বাড়ির উঠানে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং গলা কাটা অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে ছিলেন। স্ত্রীর চিৎকার শুনে ছেলে মো. আশরাফুল ইসলাম ঘটনাস্থলে এসে স্বজনদের সহায়তায় তাঁকে উদ্ধার করেন।
পরে রাত সাড়ে ৩টার দিকে তাঁকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলম মিয়াকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
