
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের গণতন্ত্র সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন নিবেদিতপ্রাণ একজন নেতা।
তিনি আরও বলেন, সফল রাষ্ট্রনায়ক হিসেবে বেগম খালেদা জিয়া অনন্য ও কালজয়ী দৃষ্টান্ত হয়ে থাকবেন।
আজ সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘ছবির গল্প’ আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে প্রকাশিত ‘দেশনেত্রী’ শীর্ষক বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তার মৃত্যুতে কোটি মানুষের শোকপ্রকাশ প্রমাণ করে তিনি ছিলেন সত্যিকারের জনমানুষের নেত্রী।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা না দিলে দেশের ইতিহাস ভিন্ন হতে পারত। তার নেতৃত্বে জনগণ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বিজয় অর্জন করে। পাশাপাশি বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণার ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন বেগম খালেদা জিয়া। তিনি আরও বলেন, জিয়া পরিবার ছাড়া দেশের রাজনৈতিক ইতিহাস পূর্ণতা পেত না।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, দুঃসময়ে বেগম খালেদা জিয়া সাহস ও নেতৃত্ব দিয়ে বিএনপিকে টিকিয়ে রেখেছেন এবং আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে স্পিকার বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেন এবং আয়োজক প্রতিষ্ঠান ‘ছবির গল্প’-এর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘ছবির গল্প’-এর উপদেষ্টা সম্পাদক আতিকুর রহমান রুমন। স্বাগত বক্তব্য দেন ড. আহমেদ মোস্তফা নোমান এবং সমন্বয়ক সাদমান সাকিব। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
বর্ষপঞ্জিতে ‘ছবির গল্প’-এর প্রতিষ্ঠাতা আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের তোলা ১২টি বিশেষ আলোকচিত্রে বেগম খালেদা জিয়ার জীবনের নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নুর, সংসদ সদস্যবৃন্দ, ‘ছবির গল্প’ টিমের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
