×

ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা সাত দিন বাংলাদেশ-ভারত মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলবে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীনুর ইসলাম শাহীন মণ্ডল জানান, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার পর যৌথভাবে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ইতোমধ্যে বিষয়টি ভারতের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এ সময় পানামা পোর্টসহ বেসরকারি ওয়্যারহাউজে সব ধরনের লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও সীমান্তে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে এবং ইমিগ্রেশন কার্যক্রম প্রতিদিন নিয়মিতভাবে পরিচালিত হবে।

এদিকে হিলি স্থল কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার অব কাস্টমস সন্তোষ সরেন বলেন, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের কার্যক্রম সচল থাকবে। ছুটির মধ্যেও ব্যবসায়ীরা চাইলে শুল্ক-কর পরিশোধ করে পণ্য খালাস করতে পারবেন, এজন্য কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

পানামা পোর্ট সূত্র জানায়, ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে আবারও হিলি স্থলবন্দরে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে, তখন বন্দরের আগের মতো কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)