
ঈদুল আজহা উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের যাত্রীসেবায় যুক্ত হচ্ছে একটি স্পেশাল ট্রেন। একই সঙ্গে অঞ্চলের ৯টি আন্তঃনগর ট্রেনে বাড়ানো হচ্ছে অতিরিক্ত কোচ। স্পেশাল ট্রেনটি জয়দেবপুর থেকে পার্বতীপুর রুটে চলাচল করবে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, আগামী ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত বিভিন্ন সময়সূচিতে অতিরিক্ত কোচ সংযোজন কার্যক্রম চালু থাকবে। যাত্রীচাপ সামাল দিতে শোভন ও এসি—দুই ধরনের কোচই যুক্ত করা হচ্ছে। নীলসাগর ও সিরাজগঞ্জ এক্সপ্রেসে ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত অতিরিক্ত বগি সংযুক্ত থাকবে।
ঈদের আগে প্রতিটি ট্রেনে একটি করে এবং ঈদের পরে দুটি করে অতিরিক্ত বগি যোগ করা হবে। এসব বগির মধ্যে থাকবে শোভন ও এসি কোচ। এছাড়া রাজশাহী রুটের বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেসেও অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে।
উত্তরাঞ্চলের যাত্রীদের সুবিধার্থে দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসেও ঈদের আগে ও পরে বাড়তি কোচ সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ২৭ মে পঞ্চগড় এক্সপ্রেসের ৭৯৩ নম্বর ট্রেন চলাচল করবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ে কর্মকর্তারা জানান, ঈদের আগে ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত এবং ঈদের পরে ২৯ মে থেকে ৭ জুন পর্যন্ত অতিরিক্ত যাত্রী পরিবহনের সক্ষমতা নিয়ে ট্রেনগুলো চলবে।
এদিকে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে বিভিন্ন ট্রেনের জন্য বাড়তি কোচ প্রস্তুতের কাজ চলছে জোরেশোরে। অতিরিক্ত কোচ সরবরাহ নিশ্চিত করতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুরোনো কোচ মেরামতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক-কর্মচারীরা। নির্ধারিত সময়ের বাইরেও চলছে অতিরিক্ত কাজ।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঈদ উপলক্ষে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন রুটে যাত্রী পরিবহনের জন্য ১২৭টি কোচ প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে ১০৩টি কোচ ইতোমধ্যে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচও আগামী কয়েক কার্যদিবসের মধ্যে হস্তান্তর করা হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে জয়দেবপুর-পর্বতীপুর রুটে একটি স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। পাশাপাশি ৯টি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনের মাধ্যমে যাত্রীসেবা বাড়ানো হবে।
