
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় প্রধান আসামি নিহত শিশুর প্রতিবেশী সোহেল রানা (৩১)। গতকাল আদালতে তিনি রামিসাকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই ঘটনায় সহযোগিতার অভিযোগে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও (২৬) কারাগারে পাঠানো হয়েছে।
নিহত রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার দায়ের করা মামলায় সোহেল রানা, তার স্ত্রী ও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, সোহেল রানা কৌশলে রামিসাকে নিজের বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করেন। পরে ঘটনাটি গোপন করারও চেষ্টা করা হয়।
